সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজের ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে পিছিয়ে পড়া প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে।
বুধবার (১ জুলাই) দিনাজপুরের ঘাসিপাড়াস্থ জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষ (তিথিডোর)-এ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “মানবিক বাংলাদেশ গড়তে হলে আমাদের আশপাশের দরিদ্র, শিক্ষাবঞ্চিত ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে হবে। সমাজের কোনো মানুষকে বাদ দেওয়া যাবে না। তার ধর্ম, বর্ণ বা রাজনৈতিক বিশ্বাস নয়, তিনি বাংলাদেশের নাগরিক এবং দেশের উন্নয়নে অংশ নিতে চান কি না— সেটিই বিবেচ্য হওয়া উচিত।”
তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিককে সহযোগিতা করা এবং সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলেই একটি মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ জেলা থেকে উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে। সংসদীয় আসনভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং প্রশিক্ষণের সংখ্যা বাড়ানো হলেও মানের সঙ্গে কোনো আপস করা হবে না। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার হলো সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। দেশের উন্নয়নে প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। সবাই একসঙ্গে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে।
বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি দৈনিক পত্রিকায় তিনি দেখেছেন বিরোধী দলের এক নেতা মন্তব্য করেছেন যে, পাস হওয়া জাতীয় বাজেট তাদের প্রস্তাবিত ছায়া বাজেটের কাছাকাছি হয়েছে। তিনি বলেন, “জনাব তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, সেই স্বপ্ন বাস্তবায়নের রূপরেখাও উপস্থাপন করেন। দেশের স্বার্থে আমরা সহযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই এবং সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।”
দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিনের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) জিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. গোলাম রসুল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।