• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
হেডলাইন :

দিনাজপুরে বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ১১ দেখেছেন
আপলোড : শনিবার, ৪ জুলাই, ২০২৬

দিনাজপুর শহরের লালবাগ (ক্লাব মোড়) এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন আশরাফুল ইসলাম (৫৮)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযোগকারী দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি ভোগদখল করে আসছেন। ওই সম্পত্তির পাশ দিয়ে চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। এ বিষয়ে আগে আদালতেও একটি মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এরই জেরে গত ২৮ জুন রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধভাবে অভিযোগকারীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির পানির পাইপ, স্যানিটারি লাইন, জানালার থাই গ্লাস, গ্রিল, ফুলের টব ও ছাদ বাগানের বিভিন্ন ফলজ গাছ ভাঙচুর করে। বাধা দিতে গেলে অভিযোগকারীর ভাতিজা মামুনকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। তাকে রক্ষা করতে গেলে অভিযোগকারীর ভাবী সামিনাকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার আগে অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগকারী দাবি করেছেন, হামলা ও ভাঙচুরে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..