• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
হেডলাইন :

টানা বর্ষণে বাঘাইছড়িতে পাহাড়ধস, মাটি সরাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

‎মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- / ১৬ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়িতে টানা দুই দিনের ভারী বর্ষণের পর পৌরসভার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় পাহাড়ধসে লক্ষী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লক্ষী বিলাশ চাকমা পশ্চিম লাইল্যাঘোনা এলাকার বাসিন্দা এবং প্রয়াত দ্রোণাচার্য চাকমার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে সোমবার রাতেই তাদের বসতঘরের পাশের পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। মঙ্গলবার সকালে লক্ষী বিলাশ চাকমা ধসে পড়া মাটি সরানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ পাহাড়ের ওপর থেকে গাছের গুঁড়িসহ আরও বড় একটি অংশ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎নিহতের বড় ভাই বিমলেন্দু চাকমা জানান, রাতভর বৃষ্টির কারণে ঘরের পাশের ঢাল ক্ষতিগ্রস্ত হয়েছিল। সকালে মাটি পরিষ্কার করতে গিয়ে দ্বিতীয় দফায় পাহাড়ধসের কবলে পড়ে তার ভাই প্রাণ হারান।
‎খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা গাছের গুঁড়ি ও মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করেন।

‎ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানান। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হচ্ছে।

‎এদিকে বাঘাইছড়ি থানার এসআই রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে।
‎জেলা প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা ভারী বর্ষণের কারণে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ ও ঢালে বসবাসরত বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..