মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম।সভার প্রথম পর্বে শ্রীপুর উত্তরপাড়ায় জুলাই আন্দোলনের শহীদ সোহানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা মিলনায়তনে মূল আলোচনা সভা শুরু হয়।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইয়াছিন শুভ এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোরদার আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম নালিম ও মাসুদ মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. জয়নুল আবেদীন এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন জুলাই আন্দোলনের শহীদ সোহানের বাবা সেকেন্দার শাহ্, শহীদ আসিফ ইকবাল রাব্বির চাচা হামিম মোল্লা এবং আন্দোলনে গুরুতর আহত সোহেল রানা মঞ্চে উপস্থিত হন। এছাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা লিয়াকত আলী।