সীমান্ত ঘেঁষা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চিকিৎসা বঞ্চিত পাহাড়ী পল্লী চৌধুরীঘাট, ওয়াছু, চরপাড়া ও গকুলপাড়া এলাকায় বিনামুল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা পৌছে দিয়েছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন।
সোমবার (৩ আগস্ট) সকালের দিকে মাটিরাঙ্গার চৌধুরীঘাট মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে মানবিক সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
বিনামুল্যে চিকিৎসা সেবা কর্মসুচীর পাশাপাশি
চৌধুরীঘাট, ওয়াছু ও গকুলপাড়ার শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে মানবিক সহায়তার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় সরনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় হেডম্যান-কারবারি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী’র নেতৃত্বে পাহাড়ী পল্লী চৌধুরীঘাট, ওয়াছু, চরপাড়া ও গকুলপাড়ার এলাকার দুই শতাধিক চিকিৎসাবঞ্চিত দু:স্থ পাহাড়ি বাঙালী নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
ক্যাম্পেইন চলাকালীন সময় উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, তা সত্যিই প্রশংসার দাবিদার। আর্তমানবতার সেবায় পাহাড়ের দুর্গম এলাকায় সেনাবাহিনীর এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ত্রাণ সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং মাটিরাঙ্গা জোন অধিনায়ক সহ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।