খাগড়াছড়ির পানছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
০৫ আগস্ট (বুধবার ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পানছড়ি মডেল মসজিদের খতিব মাওলানা সাব্বির মাহমুদ রশিদী। স্বাগত বক্তব্য দেন পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।
আলোচনা সভায় বক্তব্য দেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস অহিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর নুরুল করিম, চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন এবং উপজেলা জামায়াতের সভাপতি মো. জাকির হোসেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা জুলাইয়ের চেতনা ধারণ করে দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন