• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

পানছড়িতে কৃতি ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা।

নিজেস্ব প্রতিনিধিঃ- / ৬২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জন এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) পাওয়া পাঁচ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

 

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শহিদুল ইসলাম সুমন এবং পানছড়ির বিভিন্ন গণমাধ্যম কর্মী।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, শিক্ষার্থীদের এ অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টারও প্রতিফলন। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক অনুপ তালুকদার বলেন, শিক্ষার্থীদের এমন অর্জন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যন্ত আনন্দের। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বিদ্যালয় কর্তৃপক্ষের এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..