ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও বেহুন্দি জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজিব।
অভিযানকালে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও বেহুন্দি জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ এসব জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারীরা জানান, নিষিদ্ধ ও অবৈধ জাল দিয়ে মাছ শিকার করলে জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে এবং দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তারে নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।