ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবীর সাথে রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রুহিয়া থানা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় নবাগত ওসি মিলাদুন নবী রুহিয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকের বিস্তার রোধ, চোরাচালান বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। ওসি মিলাদুন নবী বলেন, পুলিশ এবং সাংবাদিক সমাজ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এলাকার মাদক, অপরাধ ও যেকোনো অনিয়ম দূর করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
রুহিয়া থানাকে সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম বলেন, রুহিয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের নিরাপত্তায় পুলিশ প্রশাসনকে সর্বদা সহযোগিতার আশ্বাস দিচ্ছি। অপরাধমুক্ত সমাজ গড়তে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকবে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাল হোসেন আকাশ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবাগত ওসির নেতৃত্বে রুহিয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আসবে।
তথ্য প্রদান ও গঠনমূলক লেখনীর মাধ্যমে পুলিশ প্রশাসনকে সবরকম সমর্থন জোগাবে প্রেসক্লাব। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ফারাজউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (মাস্টার), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহেল রানা, অর্থ বিষয়ক সম্পাদক সাদেক ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাহাজাদ ইসলাম এবং কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, আহসান হাবিব মাস্টারসহ সংগঠনের অন্যান্য গণমাধ্যমকর্মী ও থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার যৌথ প্রত্যয়ের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।