দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে ঈদগাঁও উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সারাদেশের সঙ্গে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় নির্দেশনার পর পরই ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ও কার্যকর পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
উক্ত কর্মসূচিতে ঈদগাঁও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষকসমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সচেতন জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ঈদগাঁও বাজার ও এর আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে নেমে পড়েন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে জানানো হয় যে, এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ির আঙ্গিনা, ড্রেন ও নালা, জলাশয়, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, হাট-বাজার এবং ব্যবসাপ্রতিষ্ঠানের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আবর্জনামুক্ত ও নিরাপদ ঈদগাঁও উপজেলা গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।