নওগাঁ সদর উপজেলার সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে ৯৬০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর থানাধীন সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে নির্ধারিত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে শ্রী আদিল হাড়ি, পিতা-মৃত দিপু হাড়ি, সাং-খাঁস নওগাঁ এবং শ্রী পতুল জমাদার (৪৮), পিতা-মৃত শ্যাম জমাদার, সাং-সুইপার কলোনি—এই দুজনের কাছ থেকে মোট ৯৬০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উপস্থিত লোকজনের সামনে এসব মাদকদ্রব্য উদ্ধার করে জব্দ করা হয়েছে।
একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় এবং অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাদকদ্রব্য হেফাজতে রাখা ও সেবনের দায়ে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযান পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি মাদক সেবন ও মাদকদ্রব্যের অবৈধ হেফাজতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা গাঁজা জব্দের পর গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।