টানা তিন দিনের বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সড়কের ওপর উপড়ে পড়া বিশাল আকৃতির একটি গাছ দ্রুত অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেছে উপজেলা আনসার ও ভিডিপির সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাচালং সরকারি কলেজ সংলগ্ন মুসলিম ব্লক সড়কে প্রায় ৬ ফুট প্রস্থ ও ৩৫ ফুট দৈর্ঘ্যের একটি গাছ সড়কের ওপর পড়ে যায়। এতে উপজেলা সদরের সঙ্গে প্রধান সংযোগ সড়কটির যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়ার পর জনদুর্ভোগ লাঘবে তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেয় উপজেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. তানজিল হোসেনের নির্দেশনায় ভাতাভোগী হিল ভিডিপি সদস্য ও দলনেতারা স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশ নেন।
দীর্ঘ প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। পরে সড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
স্থানীয়রা দ্রুত সময়ে সড়কটি যান চলাচলের উপযোগী করে জনদুর্ভোগ লাঘবে ভূমিকা রাখায় আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।