• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

জুড়ীতে অসচ্ছল চা শ্রমিকদের মাঝে সেলাই মেশিন ও গরু বিতরণ

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: / ২৩ দেখেছেন
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চা বাগান শ্রমিক, তাদের পোষ্য এবং প্রকল্প এলাকার অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পাঁচটি গরু ও ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার ৮ নম্বর গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “চা বাগান শ্রমিক/পোষ্য ও প্রকল্প এলাকার অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম ও সেবা প্রদান” শীর্ষক প্রকল্পের আওতায় এ অনুদান ও উপকরণ বিতরণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা প্রচেষ্টা এনজিও।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বারলেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা এবং প্রচেষ্টা এনজিওর নির্বাহী পরিচালক বিমল সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিছিয়ে থাকা ও অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নে আয়বর্ধক কার্যক্রমের সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ। গবাদিপশু ও সেলাই মেশিনের মতো উপকরণ প্রদানের মাধ্যমে উপকারভোগীরা নিজস্বভাবে আয় করার সুযোগ পাবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

প্রকল্পের আওতায় পাঁচজন উপকারভোগীর মধ্যে গরু বিতরণ করা হয়। গরু পাওয়া উপকারভোগীরা হলেন—বুখলাল মুন্ডা, কালাচান মুন্ডা, রবি মুন্ডা, বিরশা মুন্ডা ও মক্রো মুন্ডা। তারা সবাই গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই এলাকার বাসিন্দা।
এছাড়া প্রকল্পের আওতায় ২০ জন উপকারভোগীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসব উপকরণ অসচ্ছল পরিবারগুলোর আয়বর্ধক কর্মকাণ্ডে ব্যবহারের মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, চা বাগান শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আয়োজক প্রতিষ্ঠান প্রচেষ্টা এনজিওর পক্ষ থেকে জানানো হয়, চা বাগান শ্রমিক, তাদের পোষ্য এবং প্রকল্প এলাকার অসচ্ছল পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম ও সেবা প্রদান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে প্রয়োজন ও যোগ্যতার ভিত্তিতে উপকারভোগীদের মাঝে আয়বর্ধক উপকরণ বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..