ছবি: গণচিঠি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মারাত্মক তীব্র অপুষ্টিতে (Severe Acute Malnutrition—SAM) আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা আরও কার্যকর ও মানসম্মত করতে SAM ইউনিটে প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ প্রকল্পের আওতায় এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।
সোমবার(২৮ সেপ্টেম্বর) দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ত্রিলোক চাকমা।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মিথি চাকমা, ভান্ডাররক্ষক সোহেল চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারীর প্রতিনিধি মিহির কান্তি ত্রিপুরা, দীঘিনালা উপজেলা সমন্বয়কারী ডেভিড ত্রিপুরা এবং প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরা, ফিল্ড কোঅর্ডিনেটর ভূবন ময় চাকমা, সরশীষ দেওয়ানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হস্তান্তর অনুষ্ঠানে ডা. ত্রিলোক চাকমা বলেন, মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা ও সেবা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে অপুষ্টিজনিত ঝুঁকি মোকাবিলায় উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার সক্ষমতাও আরও জোরদার হবে।
তিনি হস্তান্তর করা সরঞ্জাম ও উপকরণ যথাযথভাবে ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপদে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এসব উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের SAM ইউনিটের সেবাদানের সক্ষমতা বাড়বে এবং মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে।