লালমনিরহাটের পাটগ্রামে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’
‘প্রতিশ্রুতি নয়, দাবি একটাই- বাস্তবায়ন চাই’—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-ঘুন্টি বাজার এলাকায় নিরাপদ সড়কের দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকালে বুড়িমারী-ঘুন্টি বাজার এলাকায় আমানতুল্লাহ প্রধান স্কুল অ্যান্ড কলেজ, স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সংবাদ সূত্রে জানা যায়, সম্প্রতি বুড়িমারী-ঘুন্টি মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। গত ২৮ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ঘুন্টি বাজার এলাকায় বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পথে চারজন মারা যান।
নিহতরা হলেন—বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার ফাতুল ইসলাম (৩৫) ও মোস্তাকিম হোসেন (১৮), ইসলামপুর এলাকার নুর আমীন (৩০) এবং বুড়িমারী আমানতুল্লাহ প্রধান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আনোয়ার হোসেন (১৬)।
এছাড়া দুর্ঘটনায় জফর উদ্দিন, বাদশা মিয়া, মিশন ইসলাম, সাইফুল ইসলাম, আইনুল হক ও দিপু ইসলাম গুরুতর আহত হন। আহতরা বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বুড়িমারী-ঘুন্টি মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি চালক ও পথচারীদের সচেতন হওয়ার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
আয়োজকরা বলেন, “আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পথচারী এবং দায়িত্বশীল কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
মানববন্ধন শেষে দুর্ঘটনায় নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান আয়োজকরা।