• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

মাটিরাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি : / ৩২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, জেএসসি বৃত্তিপ্রাপ্ত এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এ সংবর্ধনার আয়োজন করে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে মন্তব্য করে বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল, সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কৃতিত্বের এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায়ও শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। এই সাফল্য ধরে রাখতে হলে এখন থেকেই ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। তোমরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। তিনি বিদ্যালয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেন।

পরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতুসহ অতিথিদের স্মারক তুলে দেন মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..