• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার নির্দেশ মাউশির

মোঃ শরিফুল ইসলাম (বিশেষ প্রতিনিধি) : / ৪৮ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে নিয়মিত ক্রীড়া, সহ-পাঠ্যক্রমিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)​অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ: শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ক্রীড়া ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যে মাউশির অধীনস্থ সকল প্রতিষ্ঠানে নির্দিষ্ট কিছু কার্যক্রম অন্তর্ভুক্ত ও পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট, টেবিল টেনিস, কাবাডি, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, বাস্কেটবল, হকি, গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলা, সাঁতার, অ্যাথলেটিক্স, তায়েকোন্দো এবং মার্শাল আর্ট অন্তর্ভূক্ত করা হয়েছে। এতে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে হামদ ও নাত, বক্তৃতা (বাংলা ও ইংরেজি), উপস্থিত বক্তৃতা, বিতর্ক (বাংলা ও ইংরেজি), দেয়ালিকা তৈরি, বই পড়া কর্মসূচি, দৈনিক পত্রিকা পাঠ (বাংলা ও ইংরেজি), সৃজনশীল লেখা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা কর্মসূচি (গাছ লাগানো, পরিষ্কার ক্যাম্পাস ও ডাস্টবিন স্থাপন), ডিজিটাল কনটেন্ট তৈরি, মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি (যোগব্যায়াম/মেডিটেশন), গণিত অলিম্পিয়াড এবং ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’।

এছাড়া সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে রাখা হয়েছে সংগীত (আধুনিক, দেশাত্মবোধক, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকগীতি), আবৃত্তি (বাংলা কবিতা), একক অভিনয়, কুইজ, নৃত্য, গ্রাফিতি অঙ্কন, উৎসব, লোক সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কনকে।

​মাউশির নেওয়া এসব উদ্যোগের কার্যক্রম সারাবছরই চলমান থাকবে বলে জানানো হয় এবং প্রতিষ্ঠান প্রধানগণ একাডেমিক কর্মসূচির সাথে সমন্বয় করে সুবিধাজনক সময়ে এগুলো বাস্তবায়ন করবেন ।

​এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাব ইত্যাদির সার্বিক পরিচালনা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..