বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেসিপ)’ প্রকল্পের আওতায় মাধ্যমিকের শিক্ষকদের প্রশিক্ষণে অংশ গ্রহণ বাধ্যতামূলক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) মাউশি মহাপরিচালক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক জরুরি পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, এসডিজি-৪ অর্জন এবং আধুনিক শিক্ষাকৌশলের সঙ্গে শিক্ষকদের অভ্যস্ত করতে সেপ্টেম্বর ২০২৫ মেয়াদে এই ফ্ল্যাগশিপ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর অধীনে শিক্ষকদের জন্য মনোসামাজিক প্রাথমিক সহায়তা, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন ও ভোকেশনাল সুবিধাসহ মোট ৯টি বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সরকারি টিটিসি, এইচএসটিটিআই, বিএমটিটিআইসহ নির্ধারিত কেন্দ্রগুলোতে এসব প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
এতে আরোও উল্লেখ করা হয়, ইতোমধ্যে প্রায় ১০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হলেও কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের মনোনীত শিক্ষকরা প্রশিক্ষণে অংশগ্রহণে অনিচ্ছা প্রকাশ করছেন, যা সরকারি নির্দেশনার পরিপন্থী। এই পরিস্থিতিতে মনোনীত মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তিসঙ্গত কারণ ছাড়া কেউ এ প্রশিক্ষণে অংশ নিতে অস্বীকৃতি জানালে কর্তৃপক্ষ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও সতর্ক করেছে।