ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে তিন মাস ব্যাপি ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা:খায়রুল আলম,শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম. কামরুজ্জামান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান বলেন,
আজ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এই অভিযান চলবে। পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত কাজ করবেন। তবে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এ কার্যক্রমের পূর্ণাঙ্গ সফলতা পাওয়া কঠিন। আসুন, আমরা সবাই মিলে একযোগে কাজ করি।”
“ডেঙ্গু একটি ভয়াবহ রোগ। কেবল প্রশাসনের একার পক্ষে এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। নিজ নিজ বাড়িঘর ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। কোথাও যেন দীর্ঘসময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সবাই মিলে সচেতন হলে আমরা মান্দা উপজেলাকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা করতে পারব।”
আলোচনা সভা শেষে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।কর্মসূচিতে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।