জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী বনায়ন সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে খাগড়াছড়ির পানছড়িতে।
শনিবার (১৩ জুন ২০২৬) উপজেলা প্রশাসন ও পানছড়ি বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং পানছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন,
“পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের এই সবুজ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘমেয়াদি এ কর্মসূচির আওতায় পানছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।