• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
হেডলাইন :

টানা বর্ষণে থানচির একাধিক স্থানে ভূমিধস সড়ক যোগাযোগ সচল রাখতে নিরলস কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

উশৈনু মারমা, থানচি (বান্দরবান) প্রতিনিধি / ৭ দেখেছেন
আপলোড : শনিবার, ১১ জুলাই, ২০২৬

টানা কয়েক দিনের ভারী বর্ষণে বান্দরবানের দুর্গম থানচি উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) উপজেলার বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং থানচি-নীলগিরি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ আংশিকভাবে ব্যাহত হয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ভোগ এড়ানো সম্ভব হয়েছে।

ভূমিধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সড়ক পরিষ্কার কার্যক্রম শুরু করেন। স্থানীয় পাড়াবাসীর সহযোগিতায় তারা সড়কের ওপর জমে থাকা মাটি, পাথর এবং উপড়ে পড়া গাছপালা অপসারণে নিরলসভাবে কাজ করেন।

বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়কে যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি) সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে ২৩ কিলোমিটার এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।

এদিকে বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথে সৃষ্ট ভূমিধস দ্রুত অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার কাজ অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অব্যাহত বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় এখনো ভূমিধসের ঝুঁকি বিদ্যমান। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ সড়কে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজন ছাড়া পাহাড়ি এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক যোগাযোগ সচল রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..