• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
হেডলাইন :

দীঘিনালায় বন্যার পানি কমছে, স্বাভাবিক হয়েছে মাইনি-লংগদু সড়কে যান চলাচল

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি। / ১৮ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। রবিবার সকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে। এর ফলে দীঘিনালা-মাইনি-লংগদু সড়কে আবারও স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে।

গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বোয়ালখালী, কবাখালী, মেরুংসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানির নিচে তলিয়ে যায় দীঘিনালা-মাইনি-লংগদু সড়ক, ফলে কয়েকদিন ধরে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে।

রবিবার সকাল থেকে আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুত পানি নামতে শুরু করে। সড়ক থেকে পানি সরে যাওয়ায় বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। চার দিন ধরে পানির নিচে থাকা মেরুং বাজার থেকেও পানি নেমে যেতে শুরু করেছে। এতে ব্যবসায়ীরা দোকানপাট খুলে স্বাভাবিক কার্যক্রম শুরু করছেন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। প্রশাসন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। তবে আবারও ভারী বৃষ্টিপাত হলে নিম্নাঞ্চলে পানি বাড়ার আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া অনেক পরিবার নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। জনজীবনও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..