“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
আজ ১২ জুলাই (রবিবার) দুপরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাঠপর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মাঝে এই সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডা. দোলন ঘোষ, শ্রীপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা দায়িত্বপ্রাপ্ত কমান্ডার আব্দুল কুদ্দুস মুন্সি এবং উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টু।
এছাড়াও মাঠপর্যায়ের কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শফিউদ্দিন মোল্যা, শ্রীকোল ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল আওয়াল, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কামরুল ইসলাম এবং পরিবার কল্যাণ সহকারী হাসিনা খাতুন।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে হবে। তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং একটি সুস্থ-সবল জাতি গঠনে পরিকল্পিত পরিবার নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।