পাটগ্রামে শ্রী শ্রী রাধা-মাধব মন্দিরের ১ম তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পাটগ্রামের কেন্দ্রীয় শ্রী শ্রী পাটেশ্বরী মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. সফিকার রহমান, পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মো. মোস্তফা সালাউজ্জামান অপেল, পৌর শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুল হক প্রধান, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সফিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা-মাধব মন্দির নির্মাণ কমিটির আহ্বায়ক রেখা রানী সাহা।
প্রধান অতিথি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তার বক্তব্যে বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি রক্ষা করা আমাদের দায়িত্ব। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে যজ্ঞে অংশগ্রহণকারী ভক্তবৃন্দ ও অতিথিদের উপস্থিতিতে মন্দিরের নির্মাণকাজের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।