• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
হেডলাইন :

দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি : / ৬ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেলে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সাতদিনব্যাপী এ বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ। বাংলাদেশ বেতার রংপুরের সংবাদ পাঠক মুনিরা শাহনাজ চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাজহারুল ইসলাম।

এ সময় দিনাজপুরের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, সদর রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য, সাতদিনব্যাপী এ বৃক্ষমেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..