পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধ করার লক্ষ্যে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অবক্ষয়িত ভূমি ও বসতভিটায় বনায়নের জন্য বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) ‘পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম। এ সময় লক্ষ্মীছড়ি উপজেলা ফরেস্ট অফিসারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে স্থানীয় স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বাড়াতে বসতভিটা ও অনাবাদী জমিতে বেশি করে গাছ লাগানো প্রয়োজন। এ সময় তারা পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।