খুলনার দৌলতপুরে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জলিল মুন্সি দৌলতপুর থানার কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জলিল মুন্সি যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় তিনজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিতে জলিলের বুকের ডান পাশে ওপরের অংশ ও পিঠের বাম পাশে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।