• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

থানার কাছে যুবককে গুলি করে হত্যা, টহল পুলিশের ধাওয়া

দৈনিক গণচিঠি ডিজিটাল ডেস্ক / ১৩ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা নগরীর দৌলতপুর থানার কাছে প্রকাশ্যে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মোটরসাইকেলে আসা তিনজনকে পুলিশ ধাওয়া করলেও তারা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি দৌলতপুর থানা থেকে প্রায় ২০০ থেকে ৩০০ মিটার দূরে বলে জানা গেছে।

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। তিনি নগরীর ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুলিবাগান মোড়ে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুক ও পিঠে গুলি লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করলেও আটক করতে পারেনি।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে আসা তিনজন জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করে। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও তারা পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..