চট্টগ্রামের আনোয়ারায় ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন’ লিখে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নেপাল রবি দাশ (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট এলাকার একটি সেলুন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নেপাল রবি দাশ পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় সদস্যের পরিবারের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। এক ভাইকে সঙ্গে নিয়ে রুস্তমহাট এলাকায় একটি সেলুন পরিচালনা করতেন তিনি।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নেপাল তার ফেসবুক অ্যাকাউন্টে ওই পোস্ট দেন। পরে স্থানীয়রা সেলুনের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নেপালের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার ফেসবুক পোস্টের সঙ্গে মৃত্যুর ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।