চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫ অক্টোবর সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ ও সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাতি গঠন ও সমাজ পরিবর্তনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। শিক্ষকদের জ্ঞান, আদর্শ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে প্রজন্ম গঠনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা শিক্ষকদের যথাযথ মূল্যায়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল— ‘শিক্ষকের মূল্যায়ন, মর্যাদার উন্নয়ন’। প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা ও তাঁদের অবদানের যথাযথ স্বীকৃতির দাবি জানানো হয়।
শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজিত র্যালি ও সমাবেশের মাধ্যমে দিবসটির কর্মসূচি শেষ হয়।