বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ দেওয়া সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে স্পষ্ট জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে এনটিআরসিএ (NTRCA) ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেকোনো ধরনের অপতথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯ টায় শিক্ষা মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এনটিআরসিএ-এর সার্বিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কীভাবে আরও বেশি স্বচ্ছ, দক্ষ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিয়ত পর্যালোচনা ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন মহলে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে পুনরায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে—এমন তথ্য ছড়াতে দেখা যাচ্ছে। তবে মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের যেকোনো ভ্রান্ত বা বিভ্রান্তিকর অপতথ্য ছড়ানো থেকে সর্বসাধারণকে বিরত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শিক্ষামন্ত্রীর ব্রয়লার কান্ড, মাউশি ডিজির ২০ লাখ টাকার ঘুষকান্ড ও বিএড সনদবিহীন ১১২ জন সহকারী প্রধান শিক্ষককে মোটা অংকের ঘুষের বিনিময়ে এমপিওর সুপারিশসহ মন্ত্রনালয়ের নানাবিধ অপকর্মের জন্য জনমনে যখন চরম অসন্তোষ বিরাজ করছে ঠিক এমনি সময়ে “বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে” বলে “গুজব” প্রচার না করার অনুরোধ বললেন শিক্ষামন্ত্রী।