“বৃক্ষরোপণে সাজাবো দেশ, আমার প্রিয় বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮তম ব্যাচের উদ্যোগে ঢাকার আফতাবনগরের জহিরুল ইসলাম সিটিতে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে হাউজিং প্রকল্প এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
ব্যাচ-২৮-এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি জহির উদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ক্লাব, ঢাকার সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ক্লাব, ঢাকার সাধারণ সম্পাদক জি এম ফারুক স্বপন এবং ২১তম ব্যাচের এ বি এম সাব্বির।
এ সময় ব্যাচ-২৮-এর কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি হাবিবুর রহমান বিপ্লব, জহির উদ্দিন বাবুর খান, নূরে আলম রোকন, জামিল আহমেদ চৌধুরী, আইরিন সুলতানা, বারী ভিবজিওর, মোস্তাফিজুর রহমান বকুল, সৈয়দ ইউসুফ সুমন, আব্দুর রউফ, জয়নাল আবেদিন, আজাদ স্বপন, লিয়াকত হোসেন, সোহরাব হোসেন পলাশ, তাজুল ইসলাম নিরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
পরে অতিথি ও আয়োজকরা হাউজিং প্রকল্প এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে চারা বিতরণ করেন। আয়োজকদের পক্ষ থেকে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।