• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর

মোঃ সোহেল রানা (রাজশাহী প্রতিনিধি): / ২২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কার্যকর পদক্ষেপে উদ্ধার করা বিপুল পরিমাণ প্রত্নসম্পদ সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অভিযানে আটককৃত ২৬টি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি এবং ১ হাজার ৮১৮টি প্রাচীন মুদ্রা জাতীয় জাদুঘরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর সদর দপ্তরে এক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ‘ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগ’-এর প্রতিনিধি দলের কাছে এসব মূল্যবান প্রত্নসম্পদ বুঝিয়ে দেওয়া হয়।

​বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া প্রত্নসম্পদগুলো গ্রহণ করতে বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল রাজশাহী ব্যাটালিয়নে আসেন। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাতীয় জাদুঘরের পরিচালক মো. সাদেকুল ইসলাম এবং কীপার মোহাম্মদ মনিরুল হক। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি (আর্টিলারি)

আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।
​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্নসম্পদ একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এসব নিদর্শনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মূল্য অপরিসীম। তাই সীমান্ত এলাকায় জাতীয় সম্পদ ও প্রত্নসামগ্রীর অবৈধ পাচার ও ধ্বংস রোধে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানবপাচার, অবৈধ অস্ত্র প্রতিরোধ এবং প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচার রোধে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা এসব প্রত্নসম্পদ যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের ফলে দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রাচীন উপাদানগুলো সঠিক সংরক্ষণের সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..