নরসিংদীর বেলাবো উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় বেলাবো উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
গত জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত গ্রাম আদালত কার্যক্রম সফলভাবে পরিচালনা করায় পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইফরানুল হক ভূঁইয়াকে এবং গত ৬ মাসে গ্রাম আদালত কার্যক্রমে ভালো ফলাফল অর্জন করায় চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ শফিকুল ইসলামকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া এবং উপজেলা সমন্বয়কারী জনাব আতাউর রহমান সানি তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) নাসির উদ্দিন , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া বলেন, গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও সহজে স্থানীয় বিরোধ নিষ্পত্তি সম্ভব। তিনি সকল চেয়ারম্যানকে গ্রাম আদালত কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকরভাবে পরিচালনার আহ্বান জানান এবং পাটুলী ও চরউজিলাব ইউনিয়ন পরিষদের মতো ভালো ফলাফল অর্জনে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।