• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

মাটিরাঙ্গায় নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি : / ১ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় বনফুল অ্যান্ড কোম্পানির মাটিরাঙ্গা বিক্রয় কেন্দ্রকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মাটিরাঙ্গা বাজারে বনফুল’র বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

জানা গেছে, বনফুল অ্যান্ড কোম্পানির মাটিরাঙ্গা বিক্রয় কেন্দ্র থেকে কেনা জাম রঙের মিষ্টি খেয়ে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতুর নজরে এলে তিনি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানকে।

পরবর্তীতে অভিযানকালে ভোক্তার কাছে বাসি ও নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান ও মাটিরাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ কামরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযানকালে বনফুল কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে বাসি, নষ্ট বা নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বাজারে খাদ্যপণ্যের মান, মূল্য ও মেয়াদ সংক্রান্ত বিষয়ে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় ভোক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..