• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

কক্সবাজারে অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫

হাফিজুর রহমান খান, / ২৭ দেখেছেন
আপলোড : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা পানের বরজ উচ্ছেদে অভিযান পরিচালনার সময় সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বন বিভাগ।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে পানেরছড়া রেঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান।

বন বিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি দখল করে নির্মিত অবৈধ পানের বরজ উচ্ছেদের অংশ হিসেবে একটি টিম অভিযান পরিচালনা করতে গেলে একদল দখলদার ও ভূমিদস্যু সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলায় বনকর্মীরা আহত হওয়ার পাশাপাশি অভিযানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও ভাঙচুর করা হয়।

পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তরের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় আইনানুগ অভিযান পরিচালনার সময় বন বিভাগের সদস্যদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে হামলার ঘটনায় পানেরছড়া সমিতিপাড়া ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাজির, সাহাবউদ্দিন, জসিম ও আবদুল্লাহর নাম উঠে এসেছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজন হামলায় অংশ নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..