জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সাতদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির প্রথম দিন ৩১ জুলাই কক্সবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ ও মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রেসক্লাব চত্বরে বৃক্ষরোপণ এবং উপস্থিত সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক শামসুল হক শারেক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশিদ, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, প্রেসক্লাবের সদস্য ইমাম খাইর, ইব্রাহিম খলিল মামুন, হুমায়ুন সিকদার এবং সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আয়োজকরা জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত সাতদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ (১ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া ২ আগস্ট জুলাই শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ৩ আগস্ট জুলাই গ্রাফিতি অঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ৪ আগস্ট খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৫ আগস্ট সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি হবে।