পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় পাঁচ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি। বিজিবির ২৩, যামিনীপাড়া ব্যাটালিয়নের জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাটিরাঙ্গার সীমান্তবর্তী এলাকায় সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে এ অভিযান চালানো হয়।

বিজিবি সুত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে বিজিবির একটি বিশেষ টহল দল। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে আসলে তাদেরকে থামার জন্য সংকেত দেওয়া হলে বিজিবির উপস্থিতি দেখে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুড়িয়ে তাইন্দংয়ের দিকে পালিয়ে যেতে শুরু করে।
পরে বিজিবির টহল দল মোটরসাইকেলটির পিছু নিয়ে প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার এক পর্যায়ে মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার সড়কে ঢুকে পড়ে। বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু সড়কের কারণে টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির কিছুটা দূরত্ব তৈরি হয়। এ সুযোগে আরোহীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটর সাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, পরে বিজিবি সদস্যরা কালভার্টের নিচ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় মোটর সাইকেলের সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন। তিনি বলেন, এবারই প্রথম খাগড়াছড়িতে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।