
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।
মঙ্গলবার(২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার পূর্ব জুড়ী, পশ্চিম জুড়ী ও জায়ফরনগর ইউনিয়নের বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন, পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে এসেছি। সরকার এবং প্রধানমন্ত্রী সবসময় আপনাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।” তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড চালু এবং চা-শ্রমিকদের সার্বিক কল্যাণে সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে।
সংসদ সদস্য প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন পূজার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, সাবেক আহ্বায়ক ও জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আফতাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুয়েল আহমেদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এম এ সবুর ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
এছাড়াও কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুবদল নেতা ফয়সাল আহমেদ, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিস চন্দ্র দাস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মেদ আবদুল বাসিত, ইউপি সদস্যা রুসনা বেগম, সাবেক ইউপি সদস্য আজন আলী, ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা সামসু মিয়া, সিরাজুল ইসলাম, শাহজাহান আহমেদ, সাবেক বিএনপি সদস্য ফাতির আলী, বিএনপি নেতা আব্দুল লতিফসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।