
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংস তাণ্ডব ও ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের ২০ বছর পূর্তিতে দোষী ঘাতকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটের পাটগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমদের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে মিছিলটি পাটগ্রাম উপজেলা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক মো. আতাউর রহমান।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, ‘২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে যেভাবে নিরীহ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের পিটিয়ে ও নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তা মানবতা ও রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। দীর্ঘ ২০ বছর পেরিয়ে গেলেও এই নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন হয়নি।’ বক্তারা অবিলম্বে লগি-বৈঠার তাণ্ডবে জড়িত ঘাতকদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
সভায় আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাটগ্রাম উপজেলা সভাপতি মো. আলমগীর খোরশেদ, জামায়াত নেতা মাওলানা কাজী একরামুল হক, জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌরসভা শাখার আমীর মো. সোহেল রানাসহ উপজেলা ও পৌর পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।