
নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর এলাকায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে মেসার্স প্রদীপ কুমার দেব নামের এক সার ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, রসুলপুর এলাকায় সার বিক্রির ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ডিলার মেসার্স প্রদীপ কুমার দেবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, সার বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান অমান্য করায় জরিমানা করা হয়েছে।
কৃষকরা যাতে নিয়ম অনুযায়ী সার কিনতে পারেন এবং সার বিক্রিতে শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কৃষি খাতে সারের সুষ্ঠু বিপণন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রির নিয়মকানুন মেনে চলা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট ডিলারদের নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে সার বিক্রির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।