বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা থানচির শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন ৩০০ আসন নং সংসদ সদস্য সাচিং প্রু জেরি। তাঁর ব্যক্তিগত ও আন্তরিক প্রচেষ্টায় থানচি বেসরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে একটি মাইক্রোবাস কলেজ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ আসন নং বান্দবান সংসদ সদস্য কলেজের অধ্যক্ষের হাতে গাড়ির চাবি তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল-ফয়সাল।
অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন ফুলেল শুভেচ্ছায় সংসদ সদস্যকে বরণ করে নেন। পরে তিনি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরি বলেন, “দুর্গম এলাকার শিক্ষার্থীরা যেন শুধুমাত্র যাতায়াত সমস্যার কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেটিই আমাদের লক্ষ্য। এই গাড়িটি শিক্ষার্থীদের নিরাপদ ও নিয়মিত কলেজে আসা-যাওয়ার সুযোগ সৃষ্টি করবে এবং শিক্ষার পরিবেশকে আরও গতিশীল করবে। শিক্ষা খাতে উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আব্দুল্লাহ আল-ফয়সাল বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই যানবাহন শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়া কমানো এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই উদ্যোগকে থানচির শিক্ষা ব্যবস্থার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা বলেন, দীর্ঘদিনের যাতায়াত সংকট নিরসনে এই মাইক্রোবাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পথ আরও সহজ ও নিরাপদ করবে।