
নগরীর সিটি গেইট সংলগ্ন গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে ‘মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক’-এর ২০২৬–২০২৭ অর্থবছরের নতুন সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর (সোমবার) আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক তরুণ স্বেচ্ছাসেবী ও নতুন সদস্যরা অংশগ্রহণ করেন।
সামাজিক ও মানবিক কাজের পরিধি আরও বিস্তারের লক্ষ্যে এ বছর নতুন করে ৭০ জন তরুণ সংগঠনটির সাথে যুক্ত হয়েছেন। অনুষ্ঠানে সংগঠনের ইতিহাস, সদস্যদের দায়িত্ব ও সমাজে স্বেচ্ছাসেবীদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়। একই সাথে মুমূর্ষু রোগীর জন্য রক্তদান ও জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা সংগ্রহের বিষয়ে একটি বিশেষ দিকনির্দেশনামূলক সেশন পরিচালিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন তরুণদের মানবিক কাজে উদ্বুদ্ধ করেন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. রেজাউল মোস্তফা, সহ-সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নতুন যোগদানকারী সদস্যবৃন্দ।
বক্তারা আশা করেন, নতুনদের উদ্যোম ও ভালোবাসায় এই রক্ত ব্যাংক মানুষের সেবায় আরো এক ধাপ এগিয়ে যাবে।