নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ-সহিলদেও ইউনিয়নে কৃষি ভর্তুকি বিতরণে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ১৭ জুন ২০২৬ তারিখে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের অনুলিপি মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছেও প্রেরণ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, জয়পুর গ্রামের কামাল মিয়া—যিনি ইউনিয়ন বিএনপির কাউন্সিলর ছিলেন—তার পাশাপাশি ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি জহিরুল ইসলাম, যুবদল কর্মী মো. হুমায়ূন, ওয়ার্ড বিএনপির সভাপতি নান্নু মিয়া এবং সম্পাদক খোকন মিয়াসহ মোট ১৫ জনের বিরুদ্ধে ভুয়া কৃষক পরিচয়ে ভর্তুকি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তালিকাভুক্ত এই ১৫ জনের কারও জমি নেই এবং কৃষিকাজের সাথেও তাদের কোনো সম্পর্ক নেই।
তবে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “ওয়ার্ডের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তালিকা তৈরি করে উপজেলা অফিসে পাঠানো হয়েছে। এতে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতির সঙ্গে আমি জড়িত নই।”
এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফকরুল আলমগীর জানান, ৭নং ওয়ার্ডের ১৫ জনসহ ৫নং ইউনিয়নের প্রায় ১০০ জনের ভর্তুকির তালিকা ইউএনওর নির্দেশে স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে বিষয়টি সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।