মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। মানবিক কর্মসুচীর অংশ হিসেবে মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর এলাকার এক অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণের জন্য পাঁচ বান ঢেউটিন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জোনের পক্ষ থেকে ওই ব্যক্তির হাতে পাঁচ বান ঢেউটিন তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি।
দীর্ঘদিন ধরে ঘর নির্মাণের প্রয়োজনীয় উপকরণের অভাবে পরিবারটি দুর্ভোগে ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে ঢেউটিন পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন উপকারভোগী ও তাঁর পরিবারের সদস্যরা।
উপকারভোগী বলেন, ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন পাওয়ায় তাঁদের পরিবারের দীর্ঘদিনের সমস্যা দূর হয়েছে। সেনাবাহিনীর এ মানবিক সহায়তায় আমরা মাথা গোঁজার ঠাই পাবো।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে সবসময় পাশে রয়েছে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।