গ্রাফিক্স :গণচিঠি
সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, ফ্রিজ ও নগদ টাকাসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া দড়িপাড়া এলাকায় অটোরিকশাচালক মোকলেছুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোকলেছুর রহমান ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মোকলেছুর রহমানের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিয়ান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন এবং সবার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন নেভানোর আগেই ঘরে থাকা ফ্রিজ, শোকেজ, মূল্যবান আসবাবপত্র ও নগদ টাকাসহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত অটোরিকশাচালক মোকলেছুর রহমান কান্নাজড়িত কণ্ঠে জানান, “আগুনে আমার ঘরের শেষ সম্বল বলতে আর কিছুই অবশিষ্ট নেই। সবকিছু হারিয়ে প্রায় তিন লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেছে।”
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, “অগ্নিকাণ্ডে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যক্তিগত অবস্থান থেকে আমি সাময়িক সহায়তার হাত বাড়িয়েছি। অসহায় পরিবারটির ঘুরে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি উপজেলা প্রশাসন অবহিত রয়েছে। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান করা হবে।
একমাত্র সম্বল বসতঘর ও মালামাল হারিয়ে অটোরিকশাচালক মোকলেছুর রহমানের পরিবার এখন খোলা আকাশের নিচে চরম মানবেতর ও অনিশ্চিত জীবনযাপন করছে। পরিবারটির দ্রুত পুনর্বাসনে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের বিত্তবানদের প্রতি সহায়তার আকুতি জানিয়েছেন এলাকাবাসী।