নীলফামারীর ডোমার ও ডিমলা সীমান্তে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গোল কাঠ উদ্ধার এবং ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর (বুধবার) ভোররাত ৪টার দিকে বালাপাড়া বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মোঃ আলী ওসমানের নেতৃত্বে ডোমার থানার মেলাপাঙ্গা চৌপথির মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৮৮/৫-এস থেকে প্রায় ২ হাজার গজ বাংলাদেশের ভেতরে সন্দেহভাজনদের উপস্থিতি টের পেয়ে বিজিবি সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ডোমার উপজেলার গোমনাতি গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ মজনু (৪০) এবং মেলাপাঙ্গা গ্রামের আমিনুর ইসলামের ছেলে মোঃ পাপ্পু মিয়া (২৫)। উদ্ধারকৃত মাদকসহ তাদের ডোমার থানায় সোপর্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে, ২৯ সেপ্টেম্বর বিকেল সাড় ৪টার দিকে কালিগঞ্জ বিওপির অপর একটি টহল দল নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৪/৬-এস থেকে আনুমানিক ১ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর কাঁচা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪.৫ সিএফটি ভারতীয় গোল কাঠ উদ্ধার করা হয়।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।