• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে দেশজুড়ে পালিত

বিশেষ প্রতিনিধি: / ৮৯ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আজ ১ অক্টোবর, ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”।

​দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রবীণদের অধিকার, মর্যাদা, সুস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি:

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রবীণ জনগোষ্ঠীর জীবনকে আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দীর্ঘায়ু মানুষের জীবনে নতুন সম্ভাবনার পাশাপাশি বার্ধক্যজনিত নানা চ্যালেঞ্জ তৈরি করছে উল্লেখ করে বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য অমূল্য সম্পদ।

​বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক প্রবীণ শারীরিক অসুস্থতা, একাকিত্ব, আর্থিক অনিশ্চয়তা এবং সামাজিক অবহেলার শিকার হন। প্রবীণদের একটি সুস্থ ও সক্রিয় জীবন উপহার দিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার, শারীরিক ব্যায়াম, মানসিক প্রশান্তি এবং পরিবারের সঙ্গে আন্তরিক যোগাযোগের কোনো বিকল্প নেই। প্রবীণরা কোনো বোঝা নন; বরং তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি মানবিক সমাজ গঠনই আজকের দিনের মূল বার্তা।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

​“দীর্ঘ জীবনের নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায়ও নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মান্দা উপজেলা সমাজসেবা অফিসার আল মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুন।

এ সময় বক্তারা প্রবীণদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুস্থ জীবন নিশ্চিত করতে পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি:

​দিনাজপুরেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার যৌথ সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর ওপর জোর দেন।

প্রতিপাদ্যের মূল বার্তা:

​প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্ববোধ জাগ্রত করার মধ্য দিয়ে একটি মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনই আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রধান লক্ষ্য। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের প্রবীণ—এই সত্যকে ধারণ করে প্রবীণদের জীবনযাত্রাকে সহজ, নিরাপদ ও সুন্দর করে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় দেশজুড়ে আয়োজিত এসব কর্মসূচিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..