• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন ড. এ কে এম জাহাঙ্গীর

কে এম সুমন / ১৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ড. এ কে এম জাহাঙ্গীর।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ২২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আগামী তিন বছরের জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির দিনই তিনি দায়িত্ব গ্রহণ করেন।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কৃতী সন্তান ড. এ কে এম জাহাঙ্গীর অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা, পল্লী উন্নয়ন ও প্রশাসনে দীর্ঘ প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন সাবেক সরকারি কর্মকর্তা। মাঠ প্রশাসন থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গবেষণা, উচ্চশিক্ষা ও লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন।

ড. এ কে এম জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৭৫ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯১-৯২ সালে নেদারল্যান্ডসের Institute of Social Studies (ISS) থেকে ‘Rural Policy and Project Planning’ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন।

উচ্চশিক্ষার ধারাবাহিকতায় ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের Princeton University থেকে অর্থনীতিতে PhD অর্জন করেন তিনি।এছাড়া বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC)-এর সিনিয়র স্টাফ কোর্সে ‘Participatory Approach to Poverty Alleviation: The Case of PRDP in Bangladesh’ বিষয়ে গবেষণা করেন। গবেষণাটি পরবর্তীতে BARD-এর জার্নালে প্রকাশিত হয়।

দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পল্লী উন্নয়ন, প্রকল্প ব্যবস্থাপনা ও প্রশাসন বিষয়ে তিনি একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তৃতীয় বুনিয়াদি প্রশিক্ষণে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি BPATC-এর ‘Rector’s Medal’ অর্জন করেন।

দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে ড. এ কে এম জাহাঙ্গীর মাঠ ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৩ সালের ডিসেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ময়মনসিংহ জেলা কালেক্টরেটে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে তার সরকারি চাকরি শুরু হয়। এর আগে ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

মাঠ প্রশাসনে তিনি ঝালকাঠি, নড়াইল ও পাবনা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সোনারগাঁওয়ের উপজেলা নির্বাহী অফিসার, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

২০২১-২৩ সময়ে অস্ট্রেলিয়ার Deakin University Business School-এর আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে পার্টটাইম ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি লেখক ও গবেষক হিসেবেও ড. এ কে এম জাহাঙ্গীরের পরিচিতি রয়েছে। মাঠ প্রশাসন, সরকারি চাকরির বিধিবিধান, উন্নয়ন পরিকল্পনা, পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে—‘মাঠ প্রশাসন’, ‘ফৌজদারী বিচার প্রশাসন’, ‘চাকুরির বিধিবিধান, ২০০২’, ‘Development Planning in Bangladesh’, ‘একজন আমলার স্মৃতিকথা’ এবং ‘পূর্ব বঙ্গে ইসলাম ও কুমিল্লার অতীত ঐতিহ্য’।

অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনায় একাডেমিক জ্ঞান এবং পল্লী উন্নয়ন ও প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার সমন্বয় রয়েছে ড. এ কে এম জাহাঙ্গীরের কর্মজীবনে। ফলে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি, সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণ, পল্লী অর্থনীতির বিকাশ এবং ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে তার অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে।

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন ড. এ কে এম জাহাঙ্গীর। নতুন দায়িত্বে ব্যাংকের কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রামমুখী করার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে তিনি গুরুত্ব পুর্ণ ভূমিকা রাখবেন এটাই সবার প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..