যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যানেজমেন্ট ক্লাব’-এর ২৬-২৭ সেশন এর নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ম্যানেজমেন্ট বিভাগের কমন রুমে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত করা হয়। নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে দায়িত্ব পালন করেন ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান খান ও মাশফি চৌধুরী অরিন। এছাড়া নির্বাচন পরিচালনায় নির্দেশনায় ছিলেন বিভাগের শিক্ষক মাইন উদ্দিন ও রাসেল আহমেদ।
সকাল ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। পরবর্তীতে নির্বাচন কমিশনের সদস্যদের অনুমতি নিয়ে বিকেল ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলিফ হাসান সিফাত। সহ-সভাপতি মিকৌরিন আরা মিনহা ও আসিফ ইকবাল, ট্রেজারার তামিম শিকদার এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার রমিম ফকির নির্বাচিত হয়েছেন।
এছাড়া এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন অর্পিতা সাহা, মোবাশ্বিরা, তানবির, সাদমান নয়ন, এমদাদুল্লাহ বাধন ও ইশরাক হোসেন।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা ম্যানেজমেন্ট বিভাগের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে অংশগ্রহণমূলকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে বিভাগের বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো এবং বিভাগীয় উন্নয়নে ম্যানেজমেন্ট ক্লাব অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
নবনির্বাচিত সভাপতি আলিফ হাসান সিফাত বলেন,
সকলের ভালোবাসা ও আস্থায় আমি ম্যানেজমেন্ট ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই দায়িত্ব আমার একার নয়, আমাদের পুরো কমিটির এবং বিভাগের প্রতিটি শিক্ষার্থীর।
আমরা একসাথে একাডেমিক, ক্যারিয়ার, গবেষণা, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে ম্যানেজমেন্ট বিভাগকে আরও এগিয়ে নিতে কাজ করব।
আমাদের লক্ষ্য হবে একতা, কাজ ও উন্নয়নের মাধ্যমে আরও শক্তিশালী ম্যানেজমেন্ট বিভাগ গড়ে তোলা।